সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৪:৪৩

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে এবং এই পরিস্থিতি সহ্য করেই দেশবাসীকে এগিয়ে যেতে হবে।

সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যেতে পারে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহ কিছুটা কমে যেতে পারে। তবে এই অজুহাতে পেট্রোলপাম্পে ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উশৃঙ্খল জনতাকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কৃষিখাতে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি সরকার অবগত রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি জানান, দেশের কয়েক কোটি নারীকে পরিবারভিত্তিক কার্ড দেওয়া হচ্ছে এবং সেচ সুবিধা বাড়াতে সারা দেশে ২০ হাজার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধর্ম নিয়ে ব্যবসা দেশের মানুষ পছন্দ করে না। সৎ উপার্জন ও নৈতিক জীবনযাপনের মাধ্যমেই পরকালের মুক্তি সম্ভব।

এ সময় খাল ও নদী পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে সব প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top