মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভ্যালেরো তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়ার কারণে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢাকা গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি শিল্পকারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বার্তাসংস্থা জানিয়েছে, দৈনিক প্রায় তিন লাখ আশি হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতার এই রিফাইনারিতে স্থানীয় সময় সোমবার রাতের দিকে আগুন লেগেছে। জেফারসন কাউন্টির শেরিফ জানিয়েছেন, বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে ওই শিল্প হিটারকে সন্দেহ করা হচ্ছে।

ভ্যালেরো কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে স্থানীয় জরুরি সেবা বিভাগের নির্দেশে, ‘অল ক্লিয়ার’ না দেওয়া পর্যন্ত মানুষকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ আরও জানায়, হাইওয়ে ৮২ ও ৮৭ সংলগ্ন এলাকায় এবং আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তাই সেখানে সতর্ক থাকতে হবে।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top