ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৯:০৫
ভুয়া কাগজপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা হয়েও যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের চিহ্নিত করতে মন্ত্রণালয় কাজ করছে। এসব ব্যক্তির অবৈধ সুবিধা এবং তাদের সন্তানদের চাকরির বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপিসহ অন্যান্য দলের যেসব প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পুনরায় ভাতা চালু করা হবে বলেও জানান মন্ত্রী।
মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সংসদে অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি ‘যন্তর-মন্তর ঘরের’ মাধ্যমে অনেক রাজাকার মুক্তিযোদ্ধা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের রাজাকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।