এসি বাস-মিনিবাসে আসছে আলাদা ভাড়া তালিকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৩
শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি এসব ভাড়া তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।
তিনি আরও বলেন, একই আইনের আওতায় সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং তা যানবাহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেয়।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে বলেও জানান মন্ত্রী। খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়া তালিকা নির্ধারণ করে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য তা সহজে দেখার ব্যবস্থা করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।