স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ, শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
স্বাস্থ্য বিমা বোর্ডে নিজের স্ত্রীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
বৃহস্পতিবার দলীয় সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলীয় কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে উঠে আসে, মন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি তার স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য পদে বহাল রাখেন। বিষয়টি তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দলীয় প্রধান রবি লামিছানে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাকে অপসারণের অনুরোধ জানান। এর পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জানিয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি পদের অপব্যবহার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তাকে অপসারণের ক্ষমতা দলের রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে একই ঘটনায় দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখেননি।
উল্লেখ্য, দীপক কুমার শাহ গত ২৮ মার্চ মন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।