রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৮:০৬

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কয়েকটি অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা হবে।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রণীত অধ্যাদেশগুলোর সব বিষয় নিখুঁত ছিল না। গুমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনিও নিজে এ ধরনের ঘটনার শিকার হয়েছেন এবং এ বিষয়ে আরও কার্যকর আইন করা হবে।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল কয়েকবার অধিবেশন বর্জন করেছে, যা সংসদীয় বিধি অনুযায়ী তাদের অধিকার। তবে যেসব ইস্যুতে তারা অধিবেশন বর্জন করেছে, সেগুলো যৌক্তিক ছিল না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংসদের বাইরে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দল অনেক বিষয়ে বাস্তবতা না বুঝেই প্রশ্ন তুলছে। তারা যেসব অধ্যাদেশে আপত্তি জানিয়েছিল, সেগুলোই হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর পদ নিয়ে পূর্বের বিধানে অনির্দিষ্টকাল দায়িত্বে থাকার সুযোগ ছিল, যা সরকার সংশোধন করেছে। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে নতুন বিল আনা যেতে পারে।

এছাড়া যেসব বিল এখনো সংসদে উপস্থাপন করা হয়নি, সেগুলো সংশোধন করে পরবর্তী অধিবেশনে তোলা হবে বলেও জানান তিনি।

গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট আয়োজন করেছে এবং এর আইনি ভিত্তি রয়েছে। তবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গে কিছু অসামঞ্জস্যের বিষয় আদালতে বিচারাধীন আছে। তিনি বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে গণভোট আয়োজন করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top