মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

আদালত কোনো হয়রানির জায়গা নয়:প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৩:০১

সংগৃহীত

বিচার ব্যবস্থা নিয়ে মানুষের আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল। তিনি মনে করেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস গড়ে তুলতে পারলে মব ভায়োলেন্সও কমে আসবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমত দমন করা হয়েছে এবং রাতের বেলায় আদালত বসিয়ে অনেককে শাস্তি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়ে এমন শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি, যা নৈতিকতা, আইন এবং মানুষের মৌলিক অধিকারের ওপর দাঁড়িয়ে আছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের ভূমিকাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমান-এর উদ্যোগের কথাও তুলে ধরেন।

এর আগে সকালে বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আদালতের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম চালু করা হয়, যা বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top