সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশি-বিদেশি সফর নিয়ে নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশে গমন এবং দেশে ফেরার সময় কী ধরনের রাষ্ট্রাচার (প্রটোকল) অনুসরণ করবেন—এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল জারি করা এ নির্দেশনায় আগের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশনা প্রতিস্থাপিত হবে বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ সফরের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের ভেতরে সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার একান্ত সচিব যাত্রা ও প্রত্যাবর্তনের স্থানে উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার যথাসম্ভব অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে তাঁদের সরকারি সফর বাতিল করার প্রয়োজন হবে না; প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ে ইউএনও, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রানজিট পয়েন্টে উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সফরসূচি আগাম জানানো এবং পরিবর্তনের তথ্য দ্রুত জানানোসহ বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা নির্দেশনাও এতে উল্লেখ করা হয়েছে।

রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেশন ও জংশনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম রেলওয়ে এলাকায় আলাদা নজরদারির নির্দেশনাও রয়েছে।

সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফর সরকারি নাকি ব্যক্তিগত—তা আগেই জানাতে হবে। সরকারি সফরে রাষ্ট্রীয় যানবাহন ও বাসস্থান সুবিধা দেওয়া হবে, আর ব্যক্তিগত সফরে এসব ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে অর্থ পরিশোধ করতে হবে।

সব মিলিয়ে নতুন এ নির্দেশনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও সমন্বিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top