সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:৫০

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই তালিকায় স্থান পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় পরিচয়ে নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইনজীবী পেশার সঙ্গে যুক্ত এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সক্রিয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

১৯৮০ সালের ফেব্রুয়ারিতে খুলনা বিভাগের মাগুরা জেলায় একটি রাজনৈতিক পরিবারে তার জন্ম। ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী নিপুণ রায় ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top