সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জঙ্গি হামলার শঙ্কায় শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে জারি করা সতর্কবার্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পৌঁছেছে। এর পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। একই সঙ্গে বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও বহির্গমন উভয় পথেই তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে উড়োজাহাজ চলাচল হয় না, সেখানেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শুধু সতর্কবার্তার ভিত্তিতেই নয়, প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ে থাকে।

এদিকে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে পুলিশ। পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষরিত দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে দেখা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং তারা স্পর্শকাতর স্থানে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন।

এছাড়া, সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানা গেছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।

তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি কোনো হুমকি না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, উগ্রবাদী গোষ্ঠীটি হামলার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ অবস্থায় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা বৃদ্ধি, নজরদারি জোরদার এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top