সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৩১

ছবি: সংগৃহীত

উপমহাদেশের অন্যতম প্রাচীন জ্ঞানকেন্দ্র যশোর ইনস্টিটিউট গণপাঠাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল তিনটার দিকে ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী পাঠাগারে পৌঁছালে প্রাজ্ঞজন, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শনের শুরুতেই প্রধানমন্ত্রী দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি তুলট কাগজ ও তালপাতায় লেখা মহাকবি কালিদাসের পুঁথি, প্রাচীন রামায়ণ, মহাভারত এবং চাণক্যের সৃষ্টিকর্ম গভীর মনোযোগ দিয়ে পরিদর্শন করেন। প্রায় দুই শতাব্দী পুরোনো এসব ঐতিহ্যবাহী নিদর্শন দেখে তিনি সন্তোষ ও মুগ্ধতা প্রকাশ করেন।

পরে তিনি যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠাগারের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিশুদের মোবাইল নির্ভরতা কমিয়ে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিশুদের মোবাইল ফোন থেকে দূরে এনে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এতে সফল হওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার গড়ে তোলা হবে। সেখানে কোনো রাজনৈতিক বই রাখা হবে না, বরং শিশুদের মানসিক বিকাশে সহায়ক বই সংযোজন করা হবে। পাশাপাশি বই পড়াকে উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থাও থাকবে।

এর আগে সকালে শার্শায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচশ শয্যাবিশিষ্ট দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে পাঠাগার পরিদর্শন শেষে তিনি যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top