সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপির শপথ আজ সন্ধ্যায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১১:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ রোববার (৩ মে) শপথ গ্রহণ করবেন। রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষ (পূর্ব ব্লক, লেভেল-১) এ তাদের শপথবাক্য পাঠ করানো হবে।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন এমপির নাম গেজেট আকারে প্রকাশ করে।
গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টিত আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রভাবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, নিপুন রায় চৌধুরী, হেলেন জেরিন খানসহ আরও অনেকে।
অন্যদিকে জামায়াতে ইসলামী জোট থেকে নির্বাচিত ১২ জনের মধ্যে রয়েছেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান ও রোকেয়া বেগমসহ অন্যান্যরা।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনও নির্বাচিত হয়েছেন।
আজকের শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংসদ কার্যক্রমে যুক্ত হওয়ার পথ সুগম হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।