রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:৫২

ছবি: সংগৃহীত

সৌদি আরবে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত এসব ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করে।

হজ বুলেটিনের তথ্যমতে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

এছাড়া সৌদি চিকিৎসা টিম এখন পর্যন্ত ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সহযোগী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট হজযাত্রীরা পর্যায়ক্রমে নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

হজ অফিস আরও জানায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

এ পর্যন্ত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩১৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭১টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট বাংলাদেশে ফিরবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top