দূর হতে যাচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনালের জটিলতা উদ্বোধন হতে পারে ১৬ই ডিসেম্বর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৬:১৩
প্রায় ২২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে ২০২৬ সালের ১৬ ডিসেম্বর। তবে উদ্বোধনের আগে সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটি কারিগরি জটিলতা—টার্মিনালের ভেতরে ইনডোর মোবাইল নেটওয়ার্ক না থাকা।
শুরুতে ধারণা করা হয়েছিল, সুবিশাল ও নান্দনিক এই স্থাপনায় নেটওয়ার্ক বসাতে গেলে ছাদ বা কারুকাজ ভাঙতে হতে পারে, যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে টার্মিনালের ছাদ ভেঙে অপটিক্যাল ফাইবার ও অ্যান্টেনা বসানো সম্ভব নয়—এমন শঙ্কা থেকেই জটিলতা বাড়ে।
তবে শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান মিলেছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে জানা গেছে, কোনো ধরনের ভাঙচুর ছাড়াই ইনডোর নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব। পরিকল্পনা অনুযায়ী, ছাদের নান্দনিক প্যানেলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে খুলে নির্দিষ্ট ফাঁকা জায়গায় আধুনিক অ্যান্টেনা ও অপটিক্যাল ফাইবার বসানো হবে। কাজ শেষে আবার সেই প্যানেলগুলো আগের মতোই বসিয়ে দেওয়া হবে, ফলে বাইরে থেকে কোনো পরিবর্তন চোখে পড়বে না।
এই সূক্ষ্ম কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক-কে। তারা দেশের অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে সমন্বয় করে কাজটি বাস্তবায়ন করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কাজটি সম্পন্ন হলে থার্ড টার্মিনাল জুড়ে শক্তিশালী ও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করা যাবে, যা যাত্রীসেবার মান আরও উন্নত করবে।
প্রতিবেদক, নাহার
এনএফ৭১/ ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।