শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৮:৪৫
আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে ঘিরে দিনটি বিভিন্ন পক্ষের কাছে ‘শাপলা চত্বর ঘটনা’ বা ‘শাপলা চত্বর অভিযান’ দিবস হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো নিজ নিজ কর্মসূচি পালন করছে।
ওই বছর মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং ১৩ দফা দাবিতে রাজধানীতে কর্মসূচি ঘোষণা করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলন বিস্তার লাভ করে।
৬ এপ্রিল লংমার্চ কর্মসূচির পর ৫ মে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ মতিঝিল ও আশপাশের এলাকায় জড়ো হন। সন্ধ্যার পর শাপলা চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
৫ মে দিবাগত রাতে, অর্থাৎ ৬ মে ভোরে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। সে সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে বিভিন্ন পক্ষের বক্তব্যে উঠে আসে।
অভিযানকে কেন্দ্র করে হতাহতের সংখ্যা নিয়ে তখন ভিন্ন ভিন্ন দাবি ওঠে। মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলা হলেও সরকারি পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
ঘটনার পর কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হওয়ার বিষয়টিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাশাপাশি অভিযানের প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ঘটনাটির তদন্তে নতুন অগ্রগতির তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন দোয়া, আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করছে। শাপলা চত্বর এলাকায় মানববন্ধনেরও আয়োজন করা হয়েছে।
এক যুগ পেরিয়ে গেলেও ঘটনাটিকে ঘিরে বিচার ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন পক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।