কেরালায় বাম ঘাঁটিতে হিজাবি তরুণীর জয়, ইতিহাস গড়লেন তাহলিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৯:২১
কেরালার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে এই বিজয় অর্জন করেন।
৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই পরিচিতি পান। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোজিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় কর্মরত আছেন।
তবে এই বিজয়ের পথ ছিল না সহজ। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে জয় ছিনিয়ে এনে তাহলিয়া নতুন বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।