সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১১:১১
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সোমবার মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, লিঙ্গ সমতা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সুইডেন সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং বাংলাদেশে চলমান সামাজিক উন্নয়ন কর্মসূচিতে অব্যাহত সহায়তার জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রায় চার কোটি নিম্নআয়ের পরিবারকে ‘পরিবার কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবারকে মাসিক দুই হাজার পাঁচশ টাকা ভাতা প্রদান করা হচ্ছে, যা মোবাইল আর্থিক সেবা বা ব্যাংক হিসাবের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শিশুদের পুষ্টি চাহিদা পূরণে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ এবং শিশু একাডেমির মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে বিভিন্ন দেশের ভাষা শিক্ষা, পরিচর্যাকারী ও সেবামূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সুইডেনের মতো উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের সামাজিক উন্নয়ন যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারী অর্থনৈতিক ক্ষমতায়ন, শিশু অধিকার সুরক্ষা, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণে সুইডেনের সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ আগ্রহী।
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নারী ও শিশু সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু পুষ্টি ও শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সুইডেন সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
তিনি আরও জানান, বাংলাদেশের সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুইডেন কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোচনায় উভয় পক্ষ রোহিঙ্গা সংকট, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু অধিকার ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং টেকসই সমাজ উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে মন্ত্রী সুইডেনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি সমন্বিত সমাজকল্যাণ মডেল বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুইডিশ দূতাবাসের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।