আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১০:৫৯
সুনামগঞ্জ শহরে জরুরি সংস্কারকাজের কারণে আজ মঙ্গলবার (৫ মে) সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালিপুর হাওর এলাকায় থাকা ওই টাওয়ারের পরিবর্তে নতুন পোল স্থাপনের জন্য জরুরি সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।
এই কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানিয়েছেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্যই এই জরুরি মেরামতকাজ করা হচ্ছে। তিনি সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।