মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

বিদেশ সফরে কড়াকড়ি, সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:২৪

ছবি: সংগৃহীত

সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনায় অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে বিদেশ যাত্রার ক্ষেত্রে উচ্চ শ্রেণির আসনের পরিবর্তে সাধারণ শ্রেণিতে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে একটি আদেশ জারি করা হয়।

আদেশে জানানো হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশনার আওতায় থাকবেন।

এর আগে, দুই হাজার বারো সালের নয় অক্টোবর অর্থ বিভাগ থেকে জারি করা এক স্মারকে সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিধান ছিল। তবে নতুন এই নির্দেশনায় সেই বিধানে পরিবর্তন এনে সাধারণ শ্রেণিতে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊনত্রিশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখের পত্রের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির আদেশে স্বাক্ষর করেছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top