লালমনিরহাটে শিক্ষায় নতুন দিগন্ত, আনন্দমুখর পরিবেশ গড়ার উদ্যোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৫২
লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিক্ষার্থীদের জন্য আধুনিক, আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানিয়েছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে।
তিনি বলেন, বিশ্বমানের শিক্ষাপদ্ধতির আলোকে ধাপে ধাপে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও দলগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শ্রেণিকক্ষে গোলটেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা মুখোমুখি বসে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে, যা তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।
শুধু পাঠদানে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটিতে চালু করা হয়েছে একটি বিশেষ ক্যান্টিন ব্যবস্থা। এখানে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কর্মীদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিনায়ক আরও জানান, ভবিষ্যতে ধাপে ধাপে এ কার্যক্রমকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, যেখানে তারা আনন্দের সঙ্গে শিখবে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারবে।
এ উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।