মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৪২

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি (ফল্ট) দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে, তা তেলের সংকটের কারণে নয়। বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তেলের অভাবে লোডশেডিং হয় না।

তিনি বলেন, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে।

এদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দিয়ে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কাজে জেলা প্রশাসকেরা সহযোগিতা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top