এই মুহূর্তে ইরান–ইসরায়েল–আমেরিকাকে যুদ্ধ বন্ধ করতে হবে: জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩৫
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ মুহূর্তে ইরান, ইসরায়েল ও আমেরিকাকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখনই যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ পন্থায় সমস্যার সমাধান করার সময়। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে আরও কষ্ট না দেওয়ারও অনুরোধ করেন।
শফিকুর রহমান পোস্টে উল্লেখ করেন, ইরানে সম্প্রতি সংঘটিত আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে এ অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ইতোমধ্যেই অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই যুদ্ধের ভয়াবহতা শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য আতঙ্ক সৃষ্টি করছে। এর প্রভাব অর্থনীতি ও জ্বালানিপ্রবাহেও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। বাংলাদেশও এর বাইরে নয়।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। ঈদ ও রোজার ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানাসহ সকল কার্যক্রম পূর্ণরূপে শুরু হবে। সেক্ষেত্রে জ্বালানি সংকট আরও তীব্র রূপ নিতে পারে। জনসাধারণ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা বিরক্তিকর ভোগান্তি সৃষ্টি করেছে।
জ্বালানি সংকট শুধু যানবাহন ও বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধ থাকবে না, বরং কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সব কাজে প্রভাব ফেলবে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ইন্টারনেট সেবাও প্রভাবিত হবে।
শফিকুর রহমান সব যুদ্ধরত পক্ষকে আহ্বান জানান, এখনই যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “আপনাদের এই যুদ্ধের আগুন শতশত কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।