শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

বাড়িতে ঢুকে আমির হামজাকে গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১২:২৩

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এক কলেজ শিক্ষার্থীকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আমির হামজা (২৩) শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে আমির হামজা বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। সেই সময় ছয় জন হেলমেট পরিহিত যুবক তিনটি মোটরসাইকেলে করে বাড়িতে প্রবেশ করে। পুলিশ পরিচয় দিয়ে তারা ধাওয়া দিলে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু খালের পাড়ে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। হামলাকারীরা এরপর দ্রুত পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করা হয়। সাত দিন পর ১৪ মার্চ রাতে মোল্লাহাট সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। সোহাগ হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top