সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আগে আলোচনার দাবি নাহিদ ইসলামের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৮:১৫
জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে গণভোট ও জুলাই সনদের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংসদের নিয়মিত কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে এসব বিষয়ে আলোচনা হওয়া উচিত।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, তা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে, যেন এমন কিছুই ঘটেনি।”
তিনি আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়েও বেশি গুরুত্বসহকারে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। এ বিষয়ে একটি সুরাহা হওয়ার পরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত হবে বলে মত দেন তিনি।
বক্তব্যের শেষদিকে তিনি জানান, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতোমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, “জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক—এটাই আমাদের অনুরোধ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।