আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:৪১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুহূর্তে তিনি সতর্ক করে বলেন, “আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমি চাই না এমনটি ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে। তবে আমাদের হাতে এখন সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিদীপ্ত এবং কম উগ্র চিন্তাধারার মানুষের প্রাধান্য থাকবে। তাই হয়তো বৈপ্লবিক এবং চমৎকার কিছু ঘটতে পারে।”
ইরানের বর্তমান শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের দুর্নীতি, চাঁদাবাজি এবং মৃত্যুর অবসান ঘটবে।”
সর্বশেষ তিনি লিখেছেন, “ইরানের মহান জনগণের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক।”
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট যে সময়সীমা নির্ধারণ করেছিলেন তা মঙ্গলবার শেষ হচ্ছে। দাবি মানা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি রেখেছেন তিনি। সূত্র: আল জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।