পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা বাণী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে তিনি বলেন, “আজ পহেলা বৈশাখ ১৪৩৩। বাংলা সনের প্রথম দিন। বাংলাদেশীদের সমগ্র সত্তাকে ধারণ করে আছে বাংলা নববর্ষ। বৈশাখের উষালগ্ন থেকেই ছায়াসুনিবিড় শান্তির আশ্রয়ের ন্যায় আমাদের মনকে ভরিয়ে তোলে বৈশাখী উৎসব।”

তিনি আরও বলেন, নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি আলোকিত ও আনন্দময় উৎসব। এই উৎসবে বৈরিতা ও দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক শুভেচ্ছা, সংহতি ও প্রাণের সঞ্চার ঘটে।

মির্জা ফখরুল বলেন, নতুন বছর মানে অতীতের ব্যর্থতা ও জীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও কর্মপ্রবাহে সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার।

তিনি আরও উল্লেখ করেন, গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার অভিঘাত পেরিয়ে শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনা প্রয়োজন। তাঁর মতে, পহেলা বৈশাখ মানুষে মানুষে বিভাজন দূর করে পারস্পরিক সম্প্রীতির বার্তা দেয়।

বাণীতে তিনি বলেন, বাংলাদেশীদের ইতিহাসে স্বাতন্ত্র্যধর্মী সাংস্কৃতিক পরিচয় রয়েছে, যা ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির পরিমণ্ডলে প্রতিফলিত হয়।

সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং বলেন, ১৪৩৩ বাংলা সন সবার জীবনে নতুন আলো ও সম্ভাবনা বয়ে আনুক।

তিনি দেশবাসীকে পুনরায় নববর্ষের শুভেচ্ছা জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top