জিয়াউর রহমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি: ডা. শফিকুর রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ২০:১৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিরোধীদলীয় প্রধান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি দুনিয়া থেকে ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। তাকে নির্মমভাবে হত্যার পর দলমতের ঊর্ধ্বে উঠে কুরআন খতম করে অশ্রুসিক্ত দোয়া করা হয়েছিল বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে এ কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খান ‘জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ২০২২’ সংশোধন করে ‘২০২৬’ করার বিল পাসের প্রস্তাব উত্থাপন করলে তার বিরোধিতা করে বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। এর সুফল পরবর্তীতে দেশ পেয়েছে এবং বর্তমান সংসদও সেই ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান জনগণের মনের ভাষা বুঝতে পেরেছিলেন। তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন তারা মেডিকেলের ছাত্র ছিলেন। সে সময় তিনি কোন দলের প্রতিনিধিত্ব করতেন তা দেখেননি, বরং জনগণের ভালোবাসার রাষ্ট্রপতি হিসেবেই তাকে দেখেছেন।
বিরোধীদলীয় প্রধান বলেন, জিয়াউর রহমানের ইন্তেকালের পর দেশ আবারও অস্থিরতার মধ্যে পড়ে, যার প্রভাব এখনও চলমান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।