নির্বাচনে জামায়াত নেতা স্বামী হারলেও নারী আসনে সংসদে যাচ্ছেন স্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পরাজিত হলেও তার পরিবারে বইছে আনন্দের ধারা। একই রাজনৈতিক পরিসরে বড় সাফল্য পেয়েছেন তার সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, যিনি সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মতিউর রহমান আকন্দ, যিনি পান ১ লাখ ৮৭৬ ভোট। পরাজিত হলেও দলের ভেতরে তার দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, সাবিকুন্নাহার মুন্নী জামায়াতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন পরিচিত মুখ। তিনি দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। এছাড়া তিনি মানবাধিকার ও আইনি সহায়তা সংক্রান্ত একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কঠিন সময়েও মাঠে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করা হয়েছে।
স্বামীর পরাজয় ও নিজের মনোনয়ন প্রসঙ্গে মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতে ইসলামী ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে মূল্যায়ন করে।
সাবিকুন্নাহার মুন্নী মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, দলের আস্থা রক্ষা করাই তার প্রধান অঙ্গীকার। তিনি সংসদে সুযোগ পেলে নারী সমাজের অধিকার ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।