দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশ, ব্যাপক জনসমাগমের প্রত্যাশা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১০:৫০
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ঢাকায় মে দিবসের শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এবারের মে দিবস বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন কাঠামো ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার কারণে শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। একই সঙ্গে পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শোভন কাজের পরিবেশ এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে বলে জানান নজরুল ইসলাম খান।
বিএনপির নেতারা আশা করছেন, বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে অংশ নেবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।