জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, বিএনপির কাছে যেসব অধ্যাদেশ সুবিধাজনক মনে হয়েছে, সেগুলোই তারা পরে আইনে রূপান্তর করেছে।
রোববার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংসদের বর্তমান পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে এটি একটি প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। তার ভাষায়, জুলাই আন্দোলনের পর বড় বড় সংস্কার প্রস্তাব, ৩১ দফা থেকে শুরু করে ৮৪ দফা এবং গণভোট—সবকিছুর পরও বাস্তব অগ্রগতি প্রত্যাশিত হয়নি।
হান্নান মাসউদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারত, সেগুলো পরে বাতিল করা হয়েছে। গুম কমিশন নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, কারও ব্যক্তিগত অনুভূতির কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা সীমিত করা ঠিক নয়।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটে তারা যদি কিছু প্রস্তাবের সঙ্গে একমত না-ও হতো, তবে ভোটের ফল ভিন্ন হতে পারত। কিন্তু তখন তারা অবস্থান স্পষ্ট করেনি বলে মন্তব্য করেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।