মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ

হামলার কারণে আজ প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার

ছবি: হামলার সময় প্রথম আলো কার্যালয়ের একটি অংশ | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:২০

ছবি: সংগৃহীত

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে শুক্রবার প্রকাশ হচ্ছে না দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক—প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একই সঙ্গে পত্রিকা দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, বৃহস্পতিবার রাতের আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে কর্মীদের দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এতে পত্রিকা অফিসের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে শুক্রবারের ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া সার্ভার ও কার্যালয়ের ক্ষয়ক্ষতির কারণে অনলাইন সংস্করণও আপাতত স্থবির হয়ে পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।

পরে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top