রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি আরব

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৭:৩৯

ছবি: সংগৃহীত

হজ পালনের ক্ষেত্রে আরোপিত বয়সসীমা নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সিদের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সের শিশু ও কিশোররাও পরিবারের সঙ্গে পবিত্র হজ পালনের সুযোগ পাবে। আগে এই বয়সসীমা নিয়ে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৩ মে থেকে নতুন নীতি কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে যেসব হজ ভিসা বয়সসীমার কারণে বাতিল হয়েছিল, সেগুলো আবার যাচাই-বাছাই করে প্রক্রিয়াকরণ করা হবে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না এবং ইস্যুকৃত কিছু ভিসাও বাতিল করা হয়েছিল। এমনকি আবেদনকারীদের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার কথাও বলা হয়েছিল।

এদিকে চলতি বছর পাকিস্তান থেকে প্রায় এক লাখ উনিশ হাজার হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে হজ ফ্লাইটও শুরু হয়েছে এবং প্রথম দফায় যাত্রীরা মক্কায় পৌঁছেছেন।

নতুন সিদ্ধান্তের ফলে যেসব পরিবার শিশুদের নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোর-কিশোরীরা পরিবারের সঙ্গে হজে অংশ নিতে পারবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top