দলের স্বার্থই আগে- নেতৃত্ব প্রসঙ্গে বাবরের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:২০

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর আজম। এক মৌসুমে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তার এই পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

অধিনায়কত্বে ফিরতে চান কিনা—এমন প্রশ্নের জবাবে বাবর আজম সরাসরি না বললেও সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তিনি জানান, দলের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। এখন আমার পুরো মনোযোগ লিগের ফাইনাল ম্যাচে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেব।”

চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাবর। তার নেতৃত্বে পেশোয়ার দল পৌঁছে গেছে ফাইনালে। ১০ ইনিংসে দুটি সেঞ্চুরিসহ করেছেন ৫৮৮ রান, যা তাকে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত করেছে।

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়লেও পরবর্তীতে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে ফেরেন। তবে দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়।

সমালোচনা প্রসঙ্গে বাবর বলেন, “ভালো খেললেও সমালোচনা হবে, খারাপ খেললেও হবে। তবে সমর্থকদের সমর্থন আমাকে আত্মবিশ্বাস দেয়।”

তিনি আরও বলেন, লিগে অনেক নতুন প্রতিভা উঠে আসছে, যাদের সঠিকভাবে পরিচর্যা করা জরুরি।

ফাইনাল ম্যাচ নিয়ে বাবরের মন্তব্য, প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের দল ধারাবাহিক ভালো খেলছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top