দেশের আকাশে লাইরিড উল্কাপাত, দেখা মিলবে গ্রহের অবস্থান বদলের দৃশ্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:২৭
বাংলাদেশের রাতের আকাশে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এক মনোমুগ্ধকর মহাজাগতিক আয়োজন, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় আকাশজুড়ে দেখা যাবে উজ্জ্বল উল্কার ঝলকানি এবং গ্রহগুলোর অবস্থান পরিবর্তনের আকর্ষণীয় দৃশ্য।
এপ্রিলের শেষার্ধের সবচেয়ে বড় আকর্ষণ লাইরিড উল্কাপাত। প্রতি বছর এই সময়ে পৃথিবী যখন ‘থ্যাচার’ নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘের ভেতর দিয়ে অতিক্রম করে, তখনই এই উল্কাবৃষ্টির সৃষ্টি হয়।
জানা গেছে, ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত এই উল্কাপাত সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কা চোখে পড়তে পারে। এই উল্কাগুলো সাধারণত বেশ উজ্জ্বল হয় এবং অনেক সময় আকাশে দীর্ঘ আলোর রেখা রেখে যায়, যা দর্শকদের মুগ্ধ করে।
এদিকে এপ্রিলের শেষ দুই সপ্তাহে আকাশে গ্রহগুলোর অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা ধরে রাখলেও ধীরে ধীরে দিগন্তের দিকে নিচে নেমে আসবে। অন্যদিকে মঙ্গল গ্রহের লালচে আভা সন্ধ্যার আকাশে সহজেই চোখে পড়বে।
মাসের শেষদিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পূর্ব আকাশে শনি গ্রহকে বেশ উঁচুতে দেখা যাবে। শনির কাছাকাছি অবস্থান করবে বরফে আচ্ছাদিত গ্রহ নেপচুন, তবে এটি খালি চোখে দেখা সম্ভব নয় এর জন্য প্রয়োজন হবে শক্তিশালী দূরবীন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।