গুলিবিদ্ধ হয়েও থামেননি শিক্ষক, বন্দুকধারীকে ধরে রক্ষা করলেন শিক্ষার্থীদের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২১:১০
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় এক হাই স্কুলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হামলার ঘটনায় সাহসিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক স্কুল অধ্যক্ষ। নিজে গুলিবিদ্ধ হয়েও তিনি বন্দুকধারীকে ধরে ফেলে শিক্ষার্থীদের জীবন রক্ষা করেন।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পলস ভ্যালি হাই স্কুলের অধ্যক্ষ কার্ক মুর তার এক প্রাক্তন ছাত্রকে জাপটে ধরে নিরস্ত্র করছেন। ওই ব্যক্তি স্কুলের লবিতে ঢুকে পিস্তল তাক করে গুলি চালানো শুরু করেছিল।
আদালতের নথি অনুযায়ী, গত ৭ এপ্রিলের ওই হামলার সময় অধ্যক্ষ মুর পায়ে গুলিবিদ্ধ হন। কিন্তু তাতেও দমে না গিয়ে তিনি হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন, তাকে একটি বেঞ্চের ওপর ফেলে নিরস্ত্র করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী আসা পর্যন্ত চেপে ধরে রাখেন।
ভিডিওতে আরও দেখা যায়, গাঢ় রঙের পোশাক পরা এক ব্যক্তি স্কুলে ঢুকে লবিতে থাকা দুই শিক্ষার্থীর দিকে অস্ত্র তাক করে। ঠিক সেই মুহূর্তে অধ্যক্ষ মুর দ্রুত ছুটে গিয়ে তাকে ধরে ফেললে শিক্ষার্থীরা নিরাপদে সরে যেতে সক্ষম হয়।
পরে স্কুলের আরেক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি লাথি মেরে দূরে সরিয়ে দেন এবং সেটি তুলে নেন।
এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানা গেছে।
ওকলাহোমা অঙ্গরাজ্যের তদন্ত সংস্থার এক মুখপাত্র জানান, অস্ত্র দেখার সঙ্গে সঙ্গেই অধ্যক্ষ ও কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপই বড় ধরনের প্রাণহানি ঠেকিয়েছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় অধ্যক্ষ মুর বলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরতে চান, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার কাজ চালিয়ে যেতে পারেন।
এ ঘটনায় ২০ বছর বয়সী প্রাক্তন শিক্ষার্থী ভিক্টর লি হকিন্সকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীদের কাছে হকিন্স জানিয়েছেন, তিনি শিক্ষার্থী ও অধ্যক্ষকে হত্যা করে পরে আত্মহত্যার পরিকল্পনা নিয়ে স্কুলে গিয়েছিলেন। তবে আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র: এপি, সিবিএস নিউজ
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।