বিজেপিকে 'নির্লজ্জ, বেহায়া রাজনৈতিক দল' বলে সমালোচনা মমতার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪১
তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি অভিযানকে ঘিরে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে ‘নির্লজ্জ ও বেহায়া’ রাজনৈতিক দল আখ্যা দিয়ে বলেন, তারা সরাসরি লড়াই করতে পারে না, বরং ভয় দেখানোর পথ বেছে নিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে আয়কর দপ্তরের একটি দল রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাসায় তল্লাশি চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাসমেলা মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য দেন মমতা।
সভায় তিনি অভিযোগ করেন, বিরোধীদের দমিয়ে রাখতে আয়কর দপ্তর, দুর্নীতি দমন সংস্থা ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, নোটবন্দির মাধ্যমে জনগণের অর্থ কেড়ে নেওয়া হয়েছিল এবং কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি।
মমতা আরও অভিযোগ করেন, এখন উল্টো কালো টাকার অজুহাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার দাবি, দলীয় কার্যালয়, প্রার্থীর বাসা এমনকি তার নিজের নিরাপত্তা ব্যবস্থাকেও লক্ষ্য করা হচ্ছে।
তিনি দৃঢ়ভাবে বলেন, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে যতই চাপ সৃষ্টি করা হোক না কেন, তিনি ও তার দল কোনোভাবেই মাথা নত করবেন না। রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি জানান, যেকোনো পরিস্থিতিতেই তাদের সরকার আবারও ক্ষমতায় আসবে।
এদিকে, একই সময়ে মনোহর পুকুর এলাকায় তৃণমূলের নির্বাচনি কার্যালয়েও তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, দেবাশিস কুমারকে নিজ বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার শ্বশুরবাড়ি ও দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার বাসায়ও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।