রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইসরাইলের পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:১০

ছবি: সংগৃহীত

ইসরাইলের দক্ষিণাঞ্চলের আরাদ ও দিমোনা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হলে সেগুলো সরাসরি আঘাত হানে। আরাদ ও দিমোনা শহর দুটি দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত হওয়ায় ঘটনাটি বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে।

আরাদ শহরে একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকার মধ্যে সরাসরি আঘাত হানলে অন্তত ৫৯ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। হামলার পর অগ্নিনির্বাপণ বিভাগ জানায়, শহরের কেন্দ্রস্থলে ভবনের মাঝখানে আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, দিমোনা শহরেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সেখানে একটি তিনতলা ভবন ধসে পড়ে এবং অন্তত ৩৯ জন আহত হন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে জরুরি চিকিৎসা সেবা সূত্রে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের নাতাঞ্জে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ইসরাইলের পারমাণবিক গবেষণা কেন্দ্র, যা দিমোনা থেকে প্রায় ১০ কিলোমিটার এবং আরাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির বিমানবাহিনী। সামরিক সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার অন্তত দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তা আরাদে সরাসরি আঘাত হানে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top