ঈদ সালামি দেওয়ার কথা বলে রাতে তুলে নিয়ে হত্যা, ভোরে মিলল গলা কাটা মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:৫১
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ সালামি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাত পৌনে আটটার দিকে একদল দুর্বৃত্ত ঈদ সালামি দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে চার থেকে পাঁচজন ব্যক্তি তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
সোহেল রানার মা রুবি খাতুন জানান, চাঁদ রাতে তার ছেলের মোবাইল ফোনে বারবার কল আসে। ফোনে বলা হয়, এক নেতা ঈদ সালামি দিচ্ছেন—এ জন্য তাকে বাইরে আসতে বলা হয়। পরে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত চেষ্টা করেও ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ঈদের দিন ভোরে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। পরে জানতে পারেন, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানখেতে তার ছেলের গলাকাটা মরদেহ পড়ে আছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।