আট বছরের প্রেমের পর বিয়ে, ঈদের দিন স্বামীকে পরিচয় করালেন নীলাঞ্জনা নীলা
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:৩১
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা দীর্ঘদিন গোপন রাখার পর নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন। গত ফেব্রুয়ারিতে নীরবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিষয়টি এত দিন আড়ালেই রেখেছিলেন তিনি। অবশেষে শনিবার ঈদের দিন আনুষ্ঠানিকভাবে স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে নীলা জানান, তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। আট বছর আগে তাদের পরিচয় হয় এবং দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে নীলাঞ্জনা নীলা লেখেন, আট বছর আগে তারা কেউই জানতেন না জীবনের পথ কোথায় গিয়ে মিলবে। তখন তারা ছিলেন দুইজন সাধারণ মানুষ—একসঙ্গে বড় হওয়া, হাসি-আনন্দ আর নির্ভার সময় কাটানোতেই ব্যস্ত। কখনো ভাবেননি, একসময় এভাবে একে অপরের জীবনের অংশ হয়ে উঠবেন। ধীরে ধীরে কোনো চাপ ছাড়াই, অজান্তেই প্রিয় মানুষ হয়ে ওঠেন তারা।
তিনি আরও জানান, ঈদের এই বিশেষ দিনে নিজের হৃদয়ের কথা সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে তিনি আনন্দিত। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৪ সালে একটি জনপ্রিয় প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন নীলাঞ্জনা নীলা। পরে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। নাটক, চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।