সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৬ শর্ত বেঁধে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৩

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে ছয় দফা শর্ত তুলে দিয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়।

রোববার (২২ মার্চ) দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য ইরান আগে থেকেই বহু ধাপের একটি পরিকল্পনা তৈরি করেছিল, যা বর্তমানে উচ্চমাত্রার কৌশলগত ধৈর্যের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

সাক্ষাৎকারে ওই কর্মকর্তা দাবি করেন, ইরান ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও বলেন, ইরানের নীতি হলো আগ্রাসনকারীদের শাস্তি দেওয়া, এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি ঐতিহাসিক শিক্ষা না দেওয়া পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকবে।

যদিও যুক্তরাষ্ট্র ও বিভিন্ন মধ্যস্থতাকারী যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে, তেহরান জানিয়ে দিয়েছে—তাদের নির্ধারিত শর্ত ছাড়া কোনো চুক্তি হবে না।

ইরানের ঘোষিত ছয় দফা শর্ত হলো-

১. ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা
২. মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা
৩. ইরানকে ক্ষতিপূরণ প্রদান
৪. পুরো অঞ্চলে সব ধরনের যুদ্ধ বন্ধ করা
৫. হরমুজ প্রণালী নিয়ে নতুন আইনি কাঠামো তৈরি
৬. ইরানবিরোধী গণমাধ্যম ও ব্যক্তিদের বিচার ও প্রত্যর্পণ

ইরান বলছে, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ শেষের পথ সুগম হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top