কুমিল্লার লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ ১২ বছরের ছামিয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৩:৪৪
কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগে এক কিশোরীর মানবেতর জীবনযাপনের ঘটনা সামনে এসেছে। ছামিয়া নামে ১২ বছর বয়সী এই শিশুটি উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে ছামিয়ার মা মারা যাওয়ার পর তার বাবা পুনরায় বিয়ে করেন। বর্তমানে তিনি সৌদি আরবে থাকায় মেয়েটি সৎ মায়ের তত্ত্বাবধানে রয়েছে। তবে সেই আশ্রয়ই তার জন্য হয়ে উঠেছে নির্যাতনের জায়গা—এমনটাই অভিযোগ প্রতিবেশীদের।
অভিযোগ রয়েছে, বিভিন্ন অজুহাতে ছামিয়াকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সম্প্রতি টানা দুই দিন ঘরের ভেতরে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এর আগেও একাধিকবার এমন নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়রা আরও জানান, বিষয়টি বাবাকে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এতে করে শিশুটির ওপর নির্যাতন বন্ধ হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ।
এদিকে ছামিয়াকে প্রায়ই তার মায়ের কবরের পাশে গিয়ে কান্না করতে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে মাকে ডেকে নিয়ে যাওয়ার আকুতি জানানো হৃদয়বিদারক দৃশ্য স্থানীয়দের নাড়া দিয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।