ট্রাম্পকে সরাতে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি, ‘নো কিংস’ আন্দোলনের ডাক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:০১
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘নো কিংস’ নামে এই আন্দোলনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার প্রস্তুতি চলছে।
আয়োজকরা জানিয়েছেন, শনিবার সারা দেশে ৩ হাজারেরও বেশি বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের দিন হিসেবে বিবেচিত হতে পারে।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসে একই আন্দোলনের ব্যানারে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি পালিত হয়। তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জুনে প্রায় ৫০ লাখ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ এতে অংশ নেয়।
এবারের কর্মসূচিতে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানানো হবে। এর মধ্যে রয়েছে ট্রাম্পের ইরাননীতি এবং অভিবাসনবিরোধী অবস্থান। রাজধানী ওয়াশিংটন, মিনিয়াপোলিস, শিকাগো ও সান ফ্রান্সিসকোসহ বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষের এই রাজ্যেও এত সংখ্যক কর্মসূচি আয়োজনকে উল্লেখযোগ্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ‘নো কিংস’ আন্দোলন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে রেকর্ড গড়তে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।