ভূমধ্যসাগরে নৌযানডুবি, নিখোঁজ অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩
ভূমধ্যসাগরে একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
সংস্থাটির তথ্যমতে, শনিবার বিকেলে একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) জোনে ডুবে যায়। এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে যাত্রা শুরু করেছিল। এতে শিশু, নারী ও পুরুষসহ মোট ১০৫ জন যাত্রী ছিলেন।
নৌযানটি লিবিয়ার তেলক্ষেত্র বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ডুবে যায়। দুর্ঘটনার পর সেখান থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়েছে।
এদিকে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা আনসা নিউজ জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, নৌযানটিতে প্রকৃতপক্ষে প্রায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কোস্ট গার্ড পৌঁছানোর আগেই অন্তত ৮০ জন সাগরে ডুবে যান।
নিখোঁজদের প্রতি শোক প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে এমএসএইচ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।