ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৫:১৭
ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই সিদ্ধান্ত মেনে চলবে।
শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক বার্তাসংস্থা জানায়, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে আগের বছর ঘোষিত অনুরূপ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
ক্রেমলিন সূত্রে আরও জানা গেছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ-কে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য উসকানির জবাব দিতে সেনাদের প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।
এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। সেই অনুযায়ী এখন তারা পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, মানুষের জন্য এমন একটি ইস্টার প্রয়োজন, যেখানে কোনো হুমকি থাকবে না এবং এটি প্রকৃত শান্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই যুদ্ধবিরতির ঘোষণা আগাম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার ভিত্তিতে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি প্রক্রিয়ার অংশ নয়।
চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান সংশ্লিষ্ট সংঘাত বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থোডক্স খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ইস্টার উদযাপিত হচ্ছে ১২ এপ্রিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।