শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, ফিরে যাচ্ছে শারজা বন্দরে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৫:৫৯

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের পথে রওনা দিয়েছে।

গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হলে তা নাকচ করে দেওয়া হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানের নির্দেশনা মেনে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমানে কূটনৈতিক মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন সচল রাখতে হয় বলে পানির ব্যবহার কমিয়ে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে জনপ্রতি ৭ ডলার থেকে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি সমপরিমাণ অতিরিক্ত ভাতাও দেওয়া হচ্ছে।

করপোরেশনের তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে ইস্পাত কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন করে পণ্য তোলার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির পরবর্তী গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন নির্ধারিত ছিল, যেখানে ৩৭ হাজার টন সার নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top