বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারায় নির্ঘুম রাত কাটাচ্ছে বাবা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৬
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবরকে কেন্দ্র করে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। দাফনের পর থেকেই প্রতিরাতে কবরস্থানে পাহারা দিচ্ছেন স্বজনরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরেজমিনে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে দেখা যায়, আরাফাতের বাবা জসিম খান ছেলের কবরের পাশে বসে আছেন। লাশ চুরির আশঙ্কায় পরিবারটি রাতভর কবর পাহারা দিচ্ছে।
জসিম খান জানান, তার ছেলে আরাফাত দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। সম্প্রতি বিভিন্ন এলাকায় বজ্রপাতে নিহতদের লাশ চুরির গুজব শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সেই শঙ্কা থেকেই কবর পাহারার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে সবসময় নিজে উপস্থিত থাকতে পারেন না। তাই ঋণ করে লোক ভাড়া করে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে, যা পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তারা কিছুটা স্বস্তি পাবেন বলেও জানান তিনি।
স্থানীয়রা বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করে কবরস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টংগিবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আরাফাত খান ও রিজান ঢালী নামে দুইজনের মৃত্যু হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।