বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ২২৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:১৮

সংগৃহীত

ইরানের সঙ্গে ৪০ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত অন্তত ২২৮টি ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। বুধবার প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণভিত্তিক এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল বিমান সংরক্ষণ কেন্দ্র, ব্যারাক, জ্বালানি ডিপো, সামরিক বিমান, পাশাপাশি রাডার, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। প্রকাশিত তথ্যমতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকারের পূর্বে স্বীকার করা তথ্যের তুলনায় অনেক বেশি।

এর আগে আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অন্তত ১৬টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন প্রতিবেদনে এই সংখ্যা ও ক্ষতির পরিধি আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতির কারণে কিছু মার্কিন ঘাঁটি এখন স্বাভাবিক সেনা মোতায়েনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে কমান্ডাররা যুদ্ধের শুরু থেকেই সেনাদের বড় একটি অংশকে সম্ভাব্য ইরানি হামলার বাইরে সরিয়ে নিয়েছেন।

তবে মার্কিন সামরিক মুখপাত্র দাবি করেছেন, ক্ষয়ক্ষতিকে “পূর্ণ ধ্বংস” বা “ব্যর্থতা” হিসেবে দেখা ঠিক নয়। তার মতে, ক্ষতির প্রকৃত মাত্রা নির্ধারণ করা জটিল এবং কিছু ক্ষেত্রে তা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করতে পারে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতের কারণে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে গোলাবারুদ ও সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগবে বলেও স্বীকার করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘাত শুরুর পর ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top