বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সীমান্তে কাঁটাতারের নতুন পরিকল্পনা, দ্রুত পদক্ষেপের ইঙ্গিত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৪৪

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সীমান্তে কঠোর অবস্থান নিতে যাচ্ছে নতুন সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দের উদ্যোগ নেবে Bharatiya Janata Party (বিজেপি)।

প্রতিবেদনে জানানো হয়, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুতগতিতে সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন করতে চায় সরকার। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।

দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ) এবং পুলিশের যৌথ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

বিজেপি ‘শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো’—এই নীতির আওতায় সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকার। তবে সে সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী Mamata Banerjee তা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেন।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব ইস্যুতে সমঝোতার অভাবে অনুপ্রবেশ শনাক্তকরণ প্রক্রিয়াও কার্যত স্থবির হয়ে পড়ে।

এদিকে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও তদন্ত কার্যক্রম ঘিরে কেন্দ্র-রাজ্যের টানাপোড়েন অতীতে একাধিকবার সামনে এসেছে। তবে নতুন সরকার গঠনের পর পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top