ইকরামুল হাসান শাকিলের
এভারেস্ট জয় ইউএনডিপি ‘ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড’-এ বিজয়ী
ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মর্যাদাপূর্ণ ‘ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।
এছাড়া, ইউএনডিপি বাংলাদেশ শর্ট ভিডিও বিভাগে প্রথম এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ডোনার এনগেজমেন্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। ৭ ফেব্রুয়ারি ইউএনডিপি-এর ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউএনডিপি বাংলাদেশের তরুণ অ্যাডভোকেট হিসেবে শাকিল প্লাস্টিক দূষণ রোধ এবং এসডিজি বাস্তবায়নে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। ‘সাগর থেকে শিখরে’ শিরোনামের এই অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।
ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মোহাম্মদ আবদুল কাইয়ূম বলেন, “শাকিলের এই ঐতিহাসিক অভিযানের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। এই কাজের মাধ্যমে শাকিল তিন দেশে যৌথভাবে প্লাস্টিক দূষণ রোধে কার্যকরী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।”
শাকিলের যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু করে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ ও পঞ্চগড় হয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে প্রবেশ করেন। জ্বালানির ব্যবহার কমাতে তিন কিলোমিটার যমুনা নদী সাঁতরে পার হন তিনি। এরপর ভারত অতিক্রম করে ৩১ মার্চ নেপালে পৌঁছান।
টানা ১,৩৭২ কিলোমিটার হাঁটার পর ২৯ এপ্রিল ৬৪ দিনে এভারেস্ট বেসক্যাম্পে পৌঁছান শাকিল। ৬ মে তিনি ক্যাম্প–৩ পর্যন্ত রোটেশন করেন এবং ১০ মে আবার বেসক্যাম্পে ফিরে আসেন। এরপর ১৬ মে থেকে চূড়ায় ওঠার চূড়ান্ত অভিযান শুরু করে ১৯ মে ভোর সাড়ে ছয়টায় এভারেস্টের শীর্ষে পা রাখেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।