মিচেল স্টার্ক-এর আইপিএল শুরুর মিস, দ্রুত ফেরার আশ্বাস
মিচেল স্টার্ক-এর আইপিএল শুরুর মিস, দ্রুত ফেরার আশ্বাস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৬:৪৬
পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নতুন আসরের। তবে শুরুতেই বড় ধাক্কা পেয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের অন্যতম তারকা পেসার মিচেল স্টার্ক আসরের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারছেন না।
চোটের কারণে দলে যোগ দিতে দেরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়িয়েছে নানা ভুল তথ্য। এসব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার।
স্টার্ক জানিয়েছেন, বর্তমানে তিনি কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক গ্রীষ্মকালীন মৌসুমে চোটের প্রকৃত অবস্থা পুরোপুরি বোঝা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় মিচেল স্টার্ক বলেন, কিছু ভারতীয় গণমাধ্যম ও ব্যক্তিগত প্ল্যাটফর্মে তার আইপিএল অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই।
দলের শুরুতে থাকতে না পারায় দিল্লি ক্যাপিটালস-এর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে দ্রুত দলের সঙ্গে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।
স্টার্কের অনুপস্থিতি দিল্লির বোলিং আক্রমণে প্রভাব ফেলতে পারে। তবে তাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে দল ও সমর্থকরা।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।